এখনো ইন্টারনেট বিচ্ছিন্ন দক্ষিণ সিটির ৯০ হাজার গ্রাহক

১৪ আগষ্ট, ২০২০ ২০:৩৭  
ঝুলন্ত ক্যাবল (ওভারহেড ক্যাবল) কাটার অভিযান অব্যাহত থাকায় এখনও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ৯০ হাজার ইন্টারনেট গ্রাহক। এই পরিস্থিতি থেকে উত্তরণে রোববার নগর ভবনে মেয়রের মনোনীত প্রতিনিধির (চিফ রেভিনিউ অফিসার) সঙ্গে বৈঠকে বসছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র শীর্ষ নেতারা। বৈঠকে জিগাতলা-বিজিবি গেট পর্যন্ত ওভারহেড ক্যাবল ও ইউএলডিপি (আন্ডারগ্রাউন্ড লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট) ব্যবহারের মাধ্যমে গৃহিত ক্যাবল শেয়ারিং পাইলট প্রকল্পটি উপস্থাপন করা হবে। আর এই প্রকল্পের মাধ্যমেই নগরীর সৌন্দর্য বিনষ্ট না করেই ওভারহেড ক্যাবলের মাধ্যমে নাগরিকদের উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অব্যাহত রাখা সম্ভব হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। জানাগেছে, বৃহস্পতিবারও ভ্রাম্যমান আদালত পলাশী-আজিমপু-পুরান ঢাকা এলাকায় ঝুলন্ত তার বিচ্ছিন্ন করায় নতুন করে প্রায় ৫০ হাজার গ্রাহক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে এর আগে কলাবাগান, ধানমন্ডি, মগবাজার,মতিঝিল, খিলগাঁও এলকার ৬০ হাজারের বেশি গ্রাহকের ইন্টারনেট পুনঃসংযোগ করা হয়। এতে ক্যাবল বাবদ ১৫-২০ কোটি টাকা এবং অপারেটর পর্যায়ে ৪-৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি যেন আর না বাড়ে সেজন্য দক্ষিণ সিটির পাশাপাশি গত রোববার উত্তর সিটির মেয়রের সঙ্গেও বৈঠক করেছে আইএসপিএবি নেতারা।  এ বিষয়ে আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেছেন, দক্ষিণ সিটি মেয়র মহোদয়ের নির্দশনা অনুযায়ী আগামী রোববার (১৫ আগস্ট) নগরভবনে রেভিনিউ প্রধানের সঙ্গে বৈঠক হবে। এর পরদিন সোমবার (১৬ আগস্ট) ডিএসসিসির প্রধান প্রকৌশলীর সঙ্গে আইএসপিএবির বৈঠক রয়েছে। বৈঠকে ঝুলন্ত ক্যাবল অপসারণে করণীয় ঠিক করা হবে।